শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (১ অক্টোবর) বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত দোহাজারী পৌরসভার ফুলতলা এলাকায় ‘দক্ষিণেশ্বরী কালীবাড়ি নাথ পাড়া সার্বজনীন দুর্গা মন্দির’ পূজামন্ডপে এ কর্মসূচির আয়োজন করে ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ নামের অনলাইন ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। কর্মসূচিতে বিভিন্ন বয়সী দেড় শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
দুর্গাপূজার মন্ডপে দেবী দুর্গার আরাধনা, প্রার্থনা ও আনন্দ উৎসবে অংশগ্রহণ করতে আসা ভক্তবৃন্দ নিজেদের রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা করতে ক্যাম্পে ভীড় করতে দেখা গেছে।
পূজা মন্ডপ পরিদর্শন করতে আসা চট্টগ্রাম জেলার সহকারি পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মোঃ সোহানুর রহমান সোহাগ দোহাজারী ব্লাড ব্যাংক সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন দোহাজারী ব্লাড ব্যাংক এডমিন মাঈনুদ্দিন হাসান, মেহেরুল হাসান, জুনাইদ সালেহ, কার্যকরী সদস্য মিজানুর রহমান, জাহেদুল ইসলাম, হিমাদ্রি হিমু, কাজি তাহসিন, সহ কার্যকরী সদস্য আশরাফুল ইসলাম, শাহেদ হোসাইন, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ ফয়সাল, আল রিয়াদ, ফয়সাল চৌধুরী প্রমূখ।