চট্টগ্রামের চন্দনাইশের পূজামন্ডপগুলোর পাশে পুকুর থাকায় সেগুলোতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন হবে, তাই নিরাপত্তা ঝুঁকির কোন আশঙ্কা নেই। তবুও প্রতিমা বিসর্জন ঘিরে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবস্থায় থেকে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার সহকারি পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মোঃ সোহানুর রহমান সোহাগ।
বুধবার (১ অক্টোবর) রাতে চন্দনাইশ উপজেলার বিভিন্ন পূজামন্ডপে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কর্তৃক শুভেচ্ছা উপহার হস্তান্তরকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, চন্দনাইশ উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়নে ৯৩ টি পূজামন্ডপে সুষ্ঠুভাবে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো আশঙ্কা নেই। তবে সূর্যাস্তের আগেই বিসর্জন সম্পন্ন করার আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।