আনোয়ারায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের ছেলে অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় সেনাবাহিনী অভিযানে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের ছেলে আকতার হোসেন (৪০)কে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণের দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। সে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম বদনির ছেলে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর মহলখান বাজার এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আনোয়ারা দায়িত্বরত সেনা ক্যাম্প ও কর্ণফুলী থানার যৌথ অভিযানে নিজ বাড়ির গোপন কক্ষ থেকে আখতারকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন কাউসার। এসময় তার কাছ থেকে একটি নকল পিস্তল, ১২ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ৩টি সামরিক গ্রেডের ওয়াকিটকি সেট, ৩টি সামরিক গ্রেডের কম্পাস, ২১টি মোবাইল ফোন, ৯৫টি সিম কার্ড, পেনড্রাইভ ও মেমোরি কার্ড ও ১৮টি দেশীয় অস্ত্রসহ নির্যাতনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আখতার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অপরাধীদের শীর্ষ তালিকাভুক্ত আসামি এবং আনোয়ারা ও কর্ণফুলী থানায় তার বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে বলে জানান সেনাবাহিনী। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান সেনাবাহিনীর আনোয়ারার সিইউএফএল অস্থায়ী ক্যাম্প।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, গ্রেফতারকৃত আখতার হোসেনকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন