যুগ ধরে উন্নয়ন বঞ্চিত দোহাজারী পৌরসভার উত্তর দিয়াকুল দারোগাকাটা সড়ক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডস্থ উত্তর দিয়াকুল দারোগা কাটা সড়ক দীর্ঘ একযুগের বেশি সময় ধরে সংস্কার না হওয়ার ফলে স্থানীয়দের চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়।

এ অবস্থা দীর্ঘদিন ধরে চলতে থাকায় এলাকার যোগাযোগ ব্যবস্থা, জীবনযাত্রার মান এবং সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে সামান্য বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে রাস্তাটি আরও বেশি দুর্ভোগের কারণ হয়ে ওঠে।

দোহাজারী-চৌকিদারফাঁড়ি প্রধান সড়কের ফার্মগেট এলাকা থেকে শঙ্খ নদীর পাড় পর্যন্ত বিস্তৃত এক কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটির দুই পার্শ্বে দুই শতাধিক পরিবার বসবাস করে। যাতায়াতের বিকল্প কোনো সড়ক না থাকায় স্থানীয়রা এই সড়কটির ওপর নির্ভরশীল। এটি সংস্কার না হওয়ায় স্থানীয়দের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে।

সরেজমিন পরিদর্শনে স্থানীয়রা জানায়, এ সড়কে প্রতিদিন কয়েক শত মানুষের যাতায়াত। একটু বৃষ্টিতে সড়কটি কাঁদা-পানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রিকশা, ভ্যান, সাইকেল, মোটরসাইকেল চলাচলও কঠিন হয়ে পড়ে। হেঁটে চলতেও ভোগান্তির শিকার হন বয়োবৃদ্ধ ও স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। জরুরি রোগী পরিবহন, উৎপাদিত শাক-সবজি পরিবহনে ভোগান্তির শিকার হতে হয়। এদিকে সড়ক চলাচলের অনুপযোগী হওয়ায় ছাত্র-ছাত্রীরাও বিদ্যালয়ে যেতে অনীহা প্রকাশ করে বলে জানান স্থানীয়রা। দারোগাকাটা জামে মসজিদের মুসল্লীদের উপস্থিতিও কমে গেছে রাস্তাটির বেহাল দশার কারনে।

স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিরা পাকা সড়কের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার রাস্তা মাপামাপি করলেও কোনো উন্নয়ন কাজ হয়নি। গত তিন বছর আগে সানোয়ারা ফার্ম সংশ্লিষ্ট একজন ব্যক্তির প্রচেষ্টায় জেলা পরিষদের মাধ্যমে ১০০ মিটার অংশ সিসি ঢালাই দ্বারা উন্নয়ন করা হয়েছে বলে জানান তারা।

৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে বিগত পৌর নির্বাচনে অংশ নেওয়া তৌহিদুল ইসলাম বলেন, “সড়কটি সংস্কারের জন্য আমি নিজের উদ্যোগে পৌর প্রশাসক বরাবরে অনেকবার আবেদন করেছি। অথচ পৌরসভার প্রকৌশল বিভাগ এটা গুরুত্ব দিয়ে দেখছে না। মানুষের এই ভোগান্তি যেন নিয়তি হয়ে গেছে।”

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে দোহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ নাঈম উদ্দিন বলেন, “জনদুর্ভোগ এবং জনগুরুত্ব বিবেচনা করে দোহাজারী পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন কর্মকান্ডগুলো পরিচালিত হচ্ছে। উত্তর দিয়াকুল দারোগাটা এলাকার সেই রাস্তাটি আমাদের নজরে আছে। পর্যাপ্ত বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে ভবিষ্যতে ওই রাস্তাটির উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে।”

আরও পড়ুন