চট্টগ্রামের লোহাগাড়ায় আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
পরিদর্শনে দেখা যায়, ক্যামেস্ট্রি ল্যাব অপরিষ্কার ও ময়লাযুক্ত, আর শিক্ষার্থীরাও ক্লাসে প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারছে না।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন শেষে পরিদর্শনকালে ইউএনও দেখেন, ক্যামেস্ট্রি ল্যাব অপরিষ্কার ও ময়লাযুক্ত অবস্থায় রয়েছে। শিক্ষার্থীরা ল্যাবে ব্যবহারিক সরঞ্জাম বা বিষয়ভিত্তিক কোনো প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারছিলেন না।
একাদশ শ্রেণির বাংলা ক্লাসের সময়েও পরিদর্শন করা হয়। ইউএনও যখন শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন করেন, তখন কেউই সঠিক উত্তর দিতে পারেনি।
এছাড়া, শিক্ষার্থী সংকটের কারণে বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীদের এক ক্লাসে বসানো হচ্ছে যা পাঠদানের মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইলিয়াস কলেজের সার্বিক চিত্র দ্রুত পরিবর্তন আনার আশা ব্যক্ত করেন। কলেজের শিক্ষকরাও পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
ইউএনও বলেন, আগামী এক মাসের মধ্যে পদক্ষেপ নিতে হবে এবং পুনঃপরিদর্শন করা হবে। পাশাপাশি বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানও পরিচালিত হবে।