চট্টগ্রামের চন্দনাইশে নিখোঁজের ৪ দিন পর সমশু মিয়া (৭৮) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (১৩ আগষ্ট) বিকালে চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডস্থ দক্ষিণ গাছবাড়িয়া সাইর মোহাম্মদ পাড়া এলাকায় বরুমতি খালের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। এসময় লাশ উদ্ধারে পুলিশকে সহযোগিতা করেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও গাউছিয়া কমিটি চন্দনাইশ শাখার দাফন-কাফন কমিটির প্রধান মাওলানা সোলাইমান ফারুকী ও তাঁর টিম।
নিহত সমশু মিয়া ওই এলাকার মৃত আফজল মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, “ওই বৃদ্ধের পরিবারের দাবি- সমশু মিয়া তার মেয়ের বাসায় বেড়াতে যাবে বলে ঘর থেকে বের হয়ে ৪ দিন ধরে নিখোঁজ থাকার পর বুধবার বিকালে তাঁর লাশ বাড়ির পার্শ্ববর্তী বরুমতি খালের পাড়ে পাওয়া যায়। আমরা লাশ উদ্ধার পরবর্তী সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) প্রেরণ করেছি।” এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।