চন্দনাইশে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ফলের চারা বিতরণ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার, মরিচ বীজ ও সার, নারিকেল চারা, তালের চারা, লেবু চারা এবং আম চারাসহ অন্যান্য চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

চন্দনাইশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে এই প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সৈকত বড়ুয়া, মানষ দে, নিউটন দে, দিবাকর দাশ সহ উপকারভোগী কৃষকেরা।

উপজেলা কৃষি অফিসার মো. আজাদ হোসেন জানান, এই প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়নের ১৬০০ জন কৃষককে ৫ কেজি করে রোপা আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে। ৩০০ জন কৃষককে ৫ টি করে ১৫০০ টি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২৭৮টি নারিকেলের চারা এবং ১০০ জনকে ১টি করে তাল চারা বিতরণ করা হয়। ৬০ জন কৃষককে ৫ টি করে লেবু চারা, ৪০ জন কৃষককে ৫ টি করে আম চারা দেয়া হচ্ছে এবং ১২০ জন কৃষককে ১০ গ্রাম করে মরিচের বীজ, ৫ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হচ্ছে। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৫০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১টি করে নিম, বেল, জাম ও কাঁঠাল চারা বিতরণ করা হয়।

এই উদ্যোগের ফলে চন্দনাইশের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা বিশেষভাবে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন