চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ফুলতলা শিবকালী মন্দিরের সংস্কার ও সার্বিক উন্নয়ন সহায়তার অংশ হিসেবে মন্দিরে দুই বান্ডিল ডেউটিন প্রদান করেছেন মরহুম হাজী ইউসুফ সওদাগর ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং দোহাজারী পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হাজী জামাল উদ্দিন সওদাগর।
সোমবার সন্ধ্যায় দোহাজারী পৌরসভা সদরে আনুষ্ঠানিকভাবে মন্দির পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে এই ডেউটিন হস্তান্তর করা হয়।
ডেউটিন হস্তান্তরকালে উপস্থিত ছিলেন মরহুম হাজী ইউসুফ সওদাগর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজম খান, পৌরসভা বিএনপি নেতা মোকতার, ফাউন্ডেশনের তানজিল হায়দার, মালেক, গিয়াস, ইলিয়াছ, আরিফ, আনছুর, আরিফ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট মন্দির কমিটির প্রতিনিধিবৃন্দ।
এ সময় হাজী জামাল উদ্দিন সওদাগর বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে এলাকার সকল ধর্মীয় উপাসনায় ও সামাজিক কর্মকান্ডে আমাদের এই সহায়তার হাত ভবিষ্যতেও সম্প্রসারিত থাকবে।” মন্দির কমিটির পক্ষ থেকে এই মানবিক ও সামাজিক সহযোগিতার জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।