চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় হালকাযান পরিবহন চালক ও শ্রমিকদের ৫ দফা দাবি আদায়সহ বিভিন্ন সমস্যা নিরসন এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর টাইগারপাস এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখা এবং চট্টগ্রাম বেবিট্যাক্সি টেম্পো ড্রাইভার্স ও সহকারী ইউনিয়ন যৌথভাবে এ সভার আয়োজন করে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডাক্তার শাহাদাত হোসেনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় হালকাযান পরিবহন শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং পরিবহন খাতের শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।
সভায় ফেডারেশনের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মোঃ শিপন, সাধারণ সম্পাদক মো: জহির উদ্দিন, চট্টগ্রাম বেবিট্যাক্সি ও টেম্পো ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারসহ নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে নির্ধারিত দৈনিক জমা ৯০০ টাকার অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করা, নগরীতে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা নিশ্চিত না করে চালকদের হয়রানি ও নো পার্কিং মামলা দেওয়া বন্ধ করাসহ ৫ দফা দাবি তুলে ধরেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন তার বক্তব্যে শ্রমিকদের যৌক্তিক দাবি আদায়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
এ সময় শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হালকাযান ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সহ-সভাপতি মোঃ নুরুন্নবী ও মোহাম্মদ কবির হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ ইসমাইল ও মোহাম্মদ রাসেল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন, মোহাম্মদ সিদ্দিক, মোহাম্মদ জাফর ও মোঃ আনসার, অর্থ সম্পাদক মোহাম্মদ জাফর, দপ্তর সম্পাদক মাজহারুল, প্রচার সম্পাদক মোহাম্মদ তানভীর এবং কার্যনির্বাহী সদস্য মোঃ মনির প্রমুখ।
এছাড়াও সভায় দুটি সংগঠনের বিভিন্ন থানা ও ওয়ার্ড শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।