লোহাগাড়ায় ট্রাক চাপায় পুলিশের পা হারানোর ঘটনায় তদন্ত কমিটি গঠিত

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক চাপায় পুলিশ সদস্যের পা হারানোর ঘটনায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শেখ মো. সেলিমকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম, পুলিশ পরিদর্শক হাসান আক্তার আহমেদ।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম জানান, আগামী তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে হবে। আজ ২৪ জুন থেকেই কাজ শুরু করেছে ওই কমিটি।

রোববার (২২ জুন) সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করা একটি মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয় মোঃ মনসুর নামে এক পুলিশ সদস্য। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা আলাউদ্দিন নামে অন্য এক পুলিশ সদস্যকে গিয়ে ধাক্কা দেয়। ফলে তিনি ধীরগতির একটি ট্রাকের নিচে চাপা পড়েন। এতে থেঁতলে যায় পুলিশ সদস্য আলাউদ্দিনের ডান পা। পরে হাসপাতালে তাঁর পা কেটে ফেলতে হয়।

সোমবার (২৩ জুন) জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শেখ মো. সেলিমকে প্রধান করে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম ।

তিনি আরো বলেন, মোটরসাইকেল আরোহীকে ধাক্কায় ট্রাক চাপায় পা হারানোর ঘটনায় জেলা পুলিশ একটি তদন্ত কমিটি গঠন করেছে। ওনারা কনস্টেবল মো. মনসুরের আচরণ অপেশাদার ছিল কি না সাক্ষ্যপ্রমাণ নেবেন। তাদের প্রতিবেদন সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জনান তিনি।

মো. মনসুর নামে ওই কনস্টেবল লোহাগাড়া থানায় কর্মরত রয়েছেন। তার ধাক্কায় মোটরসাইকেলের আরোহীরা আহত না হলেও পা হারিয়েছেন পুলিশ সদস্য মো. আলাউদ্দিন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয় বিভিন্ন মহলে।
ওইদিন, দুর্ঘটনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশ সদস্য আলাউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার একটি পা গোড়ালি পর্যন্ত কেটে ফেলা হয়েছে। তবে বর্তমানে আলাউদ্দিন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন