ওমানে সাপের কামড়ে রাঙ্গুনিয়ার আলম নিহত

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সাপের কামড়ে মোহাম্মদ আলম প্রকাশ সোনা মিয়া (৪৫) নামে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) ওমান সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দেশটির সুবাগি বরইতল নামক স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলম উপজেলার হোসনাবাদ ইউনিয়নের আলমশাহপাড়া আমড়া কাটার বাড়ি এলাকার বাসিন্দা মোখলেসুজ্জমানের দ্বিতীয় পুত্র।

নিহতের গ্রামের বাসিন্দা ও সৌদি প্রবাসী রাশেদ আলম এবং রানা আহমেদ মঙ্গলবার সকালে এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তারা জানান, মোহাম্মদ আলম ওমানে একজন কফিলের (নিয়োগকর্তা) অধীনে একটি বাগানে দীর্ঘ প্রায় দুই যুগ ধরে কর্মরত ছিলেন।

সর্বশেষ গত দুই বছর পূর্বে তিনি দেশে ছুটি কাটিয়ে পুনরায় জীবিকার তাগিদে ওমানে পাড়ি জমান। ঘটনার দিন, সোমবার সন্ধ্যায়, বাগানে গর্ত খোঁড়ার সময় একটি বিষধর সাপ তার কপালে দংশন করে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খোরশেদ আলম আরও জানান, ঘটনার খবর পাওয়ার পর তারা ওমানে থাকা নিহতের স্বজন ও পরিচিতদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং মোহাম্মদ আলমের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা ও প্রক্রিয়া চলছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত মোহাম্মদ আলম প্রকাশ সোনা মিয়ার সংসারে তার স্ত্রী, স্কুল ও মাদ্রাসাপড়ুয়া দুই কন্যা এবং এক পুত্র সন্তান রয়েছে। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন