মিরসরাইয়ে ব্যবসায়ীর বসতঘরে চুরি, নগদ টাকা স্বর্ণালংকার লুট

চট্টগ্রামের মিরসরাইয়ে এক ব্যবসায়ীর বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। এসময় চোর নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। উপজেলার ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর তালবাড়িয়া গ্রামের নুর আহ্ম্মদ ভূঁইয়া বাড়ীর ছালা উদ্দিন ভূঁইয়ার বসতঘরে বৃহস্পতিবার (২২ মে) ভোর রাতে এই ঘটনা ঘটে।

এসময় চোর নগদ ৫ লক্ষ টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। চুরির ঘটনায় ভূক্তভোগী ছালা উদ্দিন ভূঁইয়া মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ব্যবসায়ী ছালা উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আমি রেন্ট-এ-কার ও গরুর ব্যবসা করি। বুধবার রাতে ব্যবসায়িক কাজ শেষে নগদ টাকা আলমিরাতে রাখি। পরে ফজরের নামাজ পড়তে উঠলে দেখি চোর আলমিরার তালা ভেঙ্গে নগদ ৫ লক্ষ টাকা ও দেড় ভরি স্বর্ণ নিয়ে যায়। এসময় আলমিরাতে থাকা প্রয়োজনীয় কাগজপত্রসহ একটি ব্যাগ নিয়ে যায় চোর।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘চুরির ঘটনায় ব্যবসায়ী ছালা উদ্দিন ভূঁইয়া একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তপূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন