নতুন প্রজন্মকে বাংলাদেশী ভাবাদর্শে গড়ে তুলতে হবে : আসলাম চৌধুরী

স্বদেশ ও রাষ্ট্রচিন্তায় বাংলাদেশী ভাবাদর্শ আত্মস্থ করতে হবে। মগজে মননে বাংলাদেশকে ধারণ করতে হবে। স্বকীয় স্বাধীনতার যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতির সামনে নিয়ে এসেছিলেন, সেটিই আত্মপরিচয়ের মূল এবং একমাত্র নিয়ামক। এখানে বাঙালী বা অন্য চেতনা ধারণ করে বাংলাদেশের অস্থীত্বকে বিলীন করে দেয়ার একটি অপকৌশল ও চর্চার মাধ্যমে একটি গোষ্ঠী স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার অপরাজনীতি চালিয়ে আসছে বলে দাবি করেছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক যুগ্ম মহাসচিব মোঃ আসলাম চৌধুরী এফসিএ।

চট্টগ্রামের সীতাকুন্ডস্থ ফৌজদারহাট কেএম হাইস্কুলের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসলাম চৌধুরী আরও বলেন, শিশুদেরকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া চর্চায়ও মনোযোগী করে গড়ে তুলতে হবে। সন্ত্রাস ও মাদকমুক্ত প্রজন্ম তৈরীতে খেলাধুলা বিরাট ভূমিকা রাখে। এলাকায় কিশোর গ্যাং থেকে শুরু করে সকল অপরাধমূলক প্রবণতারোধে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবার ও সমাজকে সচেতন হতে হবে। এতদিন যারা জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছিলো তারা প্রতিটি সেক্টরে অনিয়ম আর দুর্নীতি পেশী শক্তির চর্চা করেছে। এ থেকে বের হয়ে এসে যোগ্য ও মেধাবীদের মূল্যায়ন করা জরুরী বলে তিনি মন্তব্য করেন।

আসলাম চৌধুরী আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদেরকে সামাজিক ও মানবিক মানুষ হিসেবে তৈরী করে রাজনীতির চর্চা। সুতরাং অপরাজনীতি থেকে বের হয়ে সুস্থধারার রাজনীতি করা গেলে  এদেশ বিশ্বপরিমন্ডলে অনন্য মাত্রায় পৌঁছে যাবে ইনশাল্লাহ।

দুইদিন ব্যাপী আয়োজনের সমাপনী দিবস বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারী) স্কুলের প্রধান শিক্ষক আমিনুর ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক মোঃ ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুন্ড উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস মোস্তফা আলম সরকার। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের ৯৯ ব্যাচের শিক্ষার্থী মোঃ আলমগীর। এছাড়াও উপস্থিত ছিলেন ফৌজদারহাট খয়রাতি মিয়া উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিকনেতৃবৃন্দ।

আরও পড়ুন