হাটহাজারীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

চট্টগ্রামের হাটহাজারীতে মো. আরাফাত (২৬) নামে এক তরুণকে গুলি করে পালিয়ে গেছে কয়েকজন অস্ত্রধারী।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আরাফাত পাশের বুড়িশ্চর ইউনিয়নের আব্দুর রশিদ টেন্ডলের বাড়ির বাসিন্দা। স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

স্থানীয়রা জানান, মদুনাঘাট বাজার এলাকা থেকে কয়েকজন অস্ত্রধারী আরাফাতকে ধাওয়া করে। পরে প্রায় আধা কিলোমিটার দূরে বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় তাঁকে আটকে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। এ সময় গুলির শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গেলেও ততক্ষণে হামলাকারীরা সেখান থেকে সরে যায়।

উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য মো. নাজিম উদ্দিন জানান, গুলির শব্দ শুনে এবং স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। পরে জানতে পারেন, মদুনাঘাট এলাকার আরাফাত নামে এক তরুণকে কয়েকজন ব্যক্তি গুলি করে পালিয়ে গেছে।

প্রাথমিকভাবে স্থানীয় বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন ইউপি সদস্য নাজিম উদ্দিন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার কারণ ও হামলাকারীদের শনাক্তে কাজ করছে।