পুলিশি কার্যক্রমে দক্ষতা, পেশাদারিত্ব, আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা এবং অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় জুলাই ২০২৬ মাসে চট্টগ্রামের আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন সিভিক সেন্টারে চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম আনোয়ারা থানার অফিসার ইনচার্জের হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার তুলে দেন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, আনোয়ারার থানায় জুলাই মাসের অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় অফিসার ইনচার্জ জুনায়েত চৌধুরী নেতৃত্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, অপরাধী গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। এছাড়া থানায় ডাবল মার্ডারের আসামি সাথে সাথে গ্রেপ্তার ও ডাকাতি মামলার আসামী গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযান, দেশীয় তৈরি অস্ত্রসহ চোলাই মদ উদ্ধার করা হয়।
জুনাইত চৌধুরী নিয়মিত টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি নিরলস পরিশ্রম করে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও থানায় যোগদানের পর থেকে বিট পুলিশিং সভা এবং বিভিন্ন স্থানে চিরুনি অভিযান পরিচালনা করে অপরাধ দমন ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।