পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে যারাই প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, জনগণ তাদেরকে রুখে দিবে। জুলাই বিপ্লব মানুষের মগজে যে চিন্তা চেতনার বীজ বপন করে দিয়েছে, সেটার ভিত্তি অনেক দৃঢ় এবং মজবুত। মানুষ ফ্যাসিবাদের জুলুম নির্যাতনে নিষ্পেষিত হয়ে যে শিক্ষা গ্রহণ করেছে, তারা কখনোই এদেশে ফ্যাসিবাদ ফিরে আসতে দিবেনা বলে মন্তব্য করেছেন দৈনিক আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমান।
বৃহস্পতিবার (৪ সেপ্টম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত জুলাই ছাত্র গণঅভ্যত্থানে সাংবাদিকদের ভূমিকা ও হাসিনার ফ্যাসিবাদ নির্বাসন থেকে দেখা শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
প্রেস ক্লাবের সদস্য মিয়া মোহাম্মদ আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমারদেশ নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব খুরশীদ জামিল চৌধুরী, কালের কণ্ঠ–এর ব্যুরো প্রধান মুস্তফা নঈম, এ্যাবের সভাপতি প্রকৌশলী জানে আলম সেলিম, বাংলাদেশ টাইমস এর বিভাগীয় সম্পাদক সালেহ নোমান, সাংবাদিক মঈমুদ্দিন কাদেরী সওগত, মাহবুবুল মওলা রিপন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ফাতেমা খানম লিজা প্রমুখ।
মাহমুদুর রহমান বলেন, ‘বাংলাদেশে প্রায় ১৬ বছর ফ্যাসিবাদী শাসনামলে জনগণের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে, অধিকার হরণ করা হয়েছে, রাষ্ট্রের সার্বভৌমত্ব পর্যন্ত বিক্রি করে দেওয়া হয়েছে। আর এই ফ্যাসিবাদের পেছনের প্রধান শক্তি ছিল প্রতিবেশী দেশ ভারত।’—এমন মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
মাহমুদুর রহমান বলেন, জুলাই বিপ্লবে সবাই একসঙ্গে দুই শক্তির বিরুদ্ধে লড়াই করেছে একদিকে শেখ হাসিনার নেতৃত্বাধীন অভ্যন্তরীণ ফ্যাসিবাদী সরকার, অন্যদিকে ভারতের আধিপত্যবাদী শক্তি। এই দুই লড়াই একসঙ্গে হয়েছে এবং এই লড়াইয়ে দেশের গণতন্ত্র প্রিয় নিপীড়িত জনগণের জয় হয়েছে। ১/১১ সময়ে ভয়ে মানুষ এতটাই সংকুচিত হয়ে পড়েছিল যে তখন গণতন্ত্রের স্বার্থে সকল রাজনৈতিক দলের নেতাদের মুক্তির দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে কালো মাস্ক পরে মানববন্ধন করেছিলাম। স্বাধীনতার পর থেকেই দেশের গণমাধ্যমে সামাজিক সাম্রাজ্যবাদী শক্তির অনুপ্রবেশ ঘটেছে। শেখ হাসিনার শাসনামলে এর চূড়ান্ত রূপ দেখা গেছে।