চট্টগ্রাম বিমান বন্দরে দিরহাম চোরাই মোবাইলসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দিরহাম, চোরাই মোবাইল ফোন ও সুতার কার্টুনসহ মো. সাঈম নওয়াজ নামের এক যাত্রীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। রবিবার (১১ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের আন্তর্জাতিক বহির্গমন গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় ওই যাত্রীর কাছ থেকে ৩০ হাজার দিরহাম, ১০টি চোরাই মোবাইল ফোন ও সুতার কার্টুন জব্দ করা হয়।

বিমান বন্দর এনএসআই জানিয়েছে, উদ্ধার হওয়া ইউএই দিরহামের বাজারমূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০লাখ টাকা। এ ছাড়া আইফোন ও স্যামসাংয়ের ১০টি স্মার্টফোন, যার বাজারমূল্য প্রায় সাড়ে ১২ লাখ এবং আনুমানিক দুই লাখ টাকার দুটি সুতার কার্টুন উদ্ধার করা হয়েছে।

বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, একজন যাত্রী সর্বোচ্চ ৭ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বহন করতে পারেন। এই সীমা অতিক্রম করায় তাঁর সঙ্গে থাকা সব বৈদেশিক মুদ্রা আটক করা হয়েছে।

এ ঘটনায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা। তাঁরা আরও জানান, আটক সাঈম নওয়াজ মধ্যপ্রাচ্যে নিয়মিত যাতায়াত করেন। উদ্ধারকৃত মুদ্রা, মোবাইল ফোন ও অন্যান্য পণ্য কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। আনুমানিক রাজস্ব মূল্য ধরা হয়েছে ২৩ লাখ ৩০ হাজার টাকা।

আটক সাঈম নওয়াজের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। তিনি বাংলাদেশ বিমানের বিজি-৬১৬ ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে দুবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

আরও পড়ুন