চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার (২৫) মারা গেছেন।
সোমবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট শাখার কনস্টেবল আল আমিন কোতোয়ালী থানায় সংযুক্ত ছিলেন। তিনি ২০২২ সালে চাকরিতে যোগ দিয়েছিলেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টার দিকে আল আমিন মারা যান।
তিনি বলেন, ‘তার মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।’
পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ৬টার দিকে আল আমিন ও পুলিশের আরও কয়েকজন সদস্য ওয়াসা মোড়ে একটি চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। সন্দেহজনকভাবে হাঁটতে দেখে তারা তিন যুবককে থামার সংকেত দেন।
তাদের একজন পালানোর চেষ্টা করলে চেকপোস্টের ইনচার্জ (এএসআই) হিরণ মিয়া তার পিছু নেন। মোটরসাইকেলে ভিন্ন পথ ধরে সামনে এগিয়ে দাঁড়ান আল আমিন।
মসজিদের উত্তর ফটকের দিকে এগিয়ে যান, আর কনস্টেবল আল আমিন মোটরসাইকেলে করে এর পশ্চিম ফটকের দিকে যান। সে সময় লিডার্স স্কুল অ্যান্ড কলেজের একটি বাস দ্রুত গতিতে এসে পেছন থেকে আল আমিনকে ধাক্কা দেয় এবং প্রায় ৫০ থেকে ১০০ ফুট পর্যন্ত ছেঁচড়ে নিয়ে যায়।
চেকপোস্টে দায়িত্বে থাকা পুলিশের অন্য সদস্যরা স্থানীয়দের সহায়তায় চালককে আটক ও বাসটি জব্দ করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা আল আমিনকে আইসিইউতে ভর্তি নেন।
পুলিশ জানায়, এ ঘটনায় বাসচালক মোশাররফ (৩৮) ও স্টাফ জয় দাসকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।
সিএমপির দক্ষিণ বিভাগের উপকমিশনার হাবিবুর রহমান প্রামাণিক বলেন, দায়িত্ব পালনকালে ওই কনস্টেবলের মৃত্যু হওয়ায় আইন অনুযায়ী তার পরিবার আর্থিক ক্ষতিপূরণ পাবে।