চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬ এর প্রস্তুতি সভা

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে অনুষ্ঠিতব্য ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে নামেই সীমাবদ্ধ না রেখে সত্যিকার অর্থে একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পরিণত করতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। বিদেশি প্রতিষ্ঠান ও দেশের নামীদামী শিল্প প্রতিষ্ঠানের অধিক হারে অংশগ্রহণ এবং তাদের পণ্য প্রদর্শনের সুযোগ সৃষ্টি করা হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সেমিনার হলে ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৬ এর আয়োজনের সংশ্লিষ্ট প্রস্তুতি সভায় সার্বিক দিকনির্দেশনা প্রদানকালে চেম্বারের সাবেক সভাপতি ও সিআইটিএফ-২০২৬ কমিটির উপদেষ্টা আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

চেম্বার পরিচালক ও সিআইটিএফ-২০২৬ কমিটির চেয়ারম্যান এস. এম. সাইফুল আলম এতে সভাপতিত্ব করেন।

আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, আগামী ২৩ নভেম্বর ২০২৬ তারিখ ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার সম্ভাব্য উদ্বোধনী তারিখ নির্ধারণ করা হয়েছে এবং মাসব্যাপী চলবে।

মেলায় ২০টি প্যাভিলিয়নসহ মোট ২১৫টি স্টল থাকবে। বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আদলে এবারের চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে আরও আকর্ষণীয়, নান্দনিক ও নিরাপদ হিসেবে আয়োজনের যাবতীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন– চট্টগ্রাম চেম্বার দীর্ঘ ৩১ বছর ধরে পলোগ্রাউন্ড মাঠে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করে আসছে। দীর্ঘ দুই বছর পর আবারও এই মেলা আয়োজনের জন্য চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মেলা আয়োজনের জন্য অনুমতি পাওয়া গেছে রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকেও। ব্যবসা–বাণিজ্যের প্রসার, দেশি–বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং ভোক্তাদের জন্য নতুন পণ্য ও সেবা প্রদর্শনের সুযোগ সৃষ্টি করাই এবারের মেলার অন্যতম লক্ষ্য।

সিআইটিএফ–২০২৬ কমিটির চেয়ারম্যান এস. এম. সাইফুল আলম বলেন–অতীতে চট্টগ্রাম চেম্বারের বাণিজ্য মেলার জন্য মানুষ সারা বছর অপেক্ষা করতো। একসময় এ মেলা নগরবাসীর অন্যতম বিনোদন ও মিলনকেন্দ্রে পরিণত হয়েছিল। আশা করি, এবারও জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মেলা অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন– চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে ব্যবসায়ী ও ক্রেতাদের মিলনমেলায় পরিণত করার পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের কার্যক্রমকে সাধারণ মানুষের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে চট্টগ্রামের ৮–১০টি বাণিজ্য সংগঠনকে মেলায় স্টল নেওয়ার জন্য উৎসাহিত করা হবে।

এ সময় চেম্বার সিনিয়র সহ–সভাপতি মোঃ আমজাদ হোসেন চৌধুরী, মেলা কমিটির কো–চেয়ারম্যান ও চেম্বার পরিচালক আমান উল্লা আল ছগির (ছুট্টু), আবু হায়দার চৌধুরী (আমজাদ), চেম্বার পরিচালক ও কমিটির সদস্যবৃন্দ আসাদ ইফতেখার, এ. এস. এম. ইসমাইল খান, মোহাম্মদ নুরুল ইসলাম, সরোয়ার আলম খান, শহীদুল আলম, মোহাম্মদ শফিউল আলম (বাদশা) ও মোঃ সেলিম নুর এবং এশিয়ান অ্যাপারেলস লিঃ’র পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন