চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, ‘হৃদরোগ প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। আমাদের বর্তমান খাদ্যাভাস কম বয়সীদেরও হৃদরোগের ঝুঁকির মধ্যে ফেলছে। সে কারণে খাদ্যাভাস পরিবর্তনের পাশাপাশি নিয়মিত শরীরচর্চাও করতে হবে।’
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কার্ডিওলজি বিভাগের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী স্বাস্থ্য পরীক্ষা (হেলথ স্ক্রিনিং) কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আবু সুফিয়ান এমপি আরও বলেন, ‘হৃদরোগের ঝুঁকি কমাতে প্রত্যেককে নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিমিত ও সুষম খাদ্য গ্রহণ, শারীরিক পরিশ্রম এবং স্বাস্থ্যকর জীবনযাপন হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে হৃদরোগের ঝুঁকির কারণ ও প্রতিরোধের উপায় সম্পর্কে পরিবার ও সমাজে সচেতনতা বাড়াতে হবে।’
তিনি বলেন, ‘চিকিৎসকরা মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। রোগীদের সেবা দিতে গিয়ে অনেক সময় তারা নিজেদের স্বাস্থ্যের প্রতি প্রয়োজনীয় নজর দেওয়ার সুযোগ পান না। ফলে চিকিৎসকদের জন্য এ ধরনের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি তাদের নিজেদের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জানতে এবং সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সহায়ক হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. আনিসুল হোসেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. নুরুদ্দিন তারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আনিসুল আওয়াজ ও ডা. এস. এম. ইফতেখারুল ইসলাম। এ সময় ডা. কফিল উদ্দিন, ডা. নুরুদ্দিন জাহাঙ্গীর সেলিম, ডা. মিশকাতুন নুর, ডা. ইকবাল মাহমুদ ও ডা. আজিজুর রহমান মজুমদারসহ চট্টগ্রাম মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা. কাজী শামীম আল মামুন।
দুই দিনব্যাপী এ হেলথ স্ক্রিনিং কর্মসূচির প্রথম দিনে প্রায় ৩০০ চিকিৎসকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।