দোহাজারীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ, গোখাদ্য ও মৎস্য উপকরণ বিতরণ করলেন প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ
দক্ষিণ চট্টগ্রামের ‘সবজি ভান্ডার’ হিসেবে পরিচিত চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।
শুক্রবার (১৭ জুলাই) সকালে তিনি দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শঙ্খ নদী তীরবর্তী বন্যাকবলিত এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত চাষী, মৎস্য খামারি ও গবাদিপশুর মালিকদের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পরিদর্শনকালে মন্ত্রী নিজেই সরাসরি কৃষি মাঠে নেমে বীজ ছিটিয়ে সরকারি পর্যায়ে বীজতলায় বীজ ধান বপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই সাথে আপদকালীন পুনর্বাসনের লক্ষ্যে স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের ধানের বীজ বিতরণ করা হয়।
এছাড়া বন্যা-পরবর্তী সময়ে গবাদি পশুর রোগবালাই প্রতিরোধে জরুরি ভিত্তিতে গবাদিপশুর চিকিৎসা ও ক্ষুরা রোগের ভ্যাকসিন প্রদান কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রী। গবাদি পশুর খাদ্য সংকট দূর করতে খামারিদের মাঝে জরুরি গোখাদ্য এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের পুনরায় উৎপাদনে ফেরাতে প্রয়োজনীয় বিভিন্ন মৎস্য উপকরণ সামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বর্তমান সরকারকে কৃষিবান্ধব সরকার হিসেবে উল্লেখ করে বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের কৃষকদের দ্রুত পুনর্বাসনের জন্য বীজ, সার ও প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সরকার বদ্ধপরিকর। বন্যায় ক্ষতিগ্রস্ত ডেইরি, পোল্ট্রি খামারি এবং মৎস্য চাষীদেরও প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করা হবে।”
পরিদর্শনকালে মন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুর রহিম, সরেজমিন উইং-এর পরিচালক কৃষিবিদ মো. ওবায়দুর রহমান মন্ডল এবং চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম, প্রাণীসম্পদ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. মো. আতিয়ার রহমান, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর।
এছাড়াও চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান, দোহাজারী পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, থানার অফিসার ইনচার্জ এসএম দিদারুল ইসলাম সিকদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক আপ্রু মারমা, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) রঘুনাথ নাহা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন, মৎস্য কর্মকর্তা তানবীর আহসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় বানভাসি সাধারণ কৃষক ও খামারিরা মন্ত্রীর এই মাঠ পর্যায়ের পরিদর্শন এবং তাৎক্ষণিক প্রণোদনা ও সরকারি সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। সরকারের এই সময়োপযোগী পদক্ষেপ বন্যা-পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে তাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর আশার আলো দেখাচ্ছে বলে জানান স্থানীয়রা।