চন্দনাইশে কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ

চট্টগ্রামের চন্দনাইশে রবি মৌসুমকে ঘিরে বসতবাড়িতে ও মাঠ পর্যায়ে শীতকালীন সবজি উৎপাদন বাড়ানো এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

চন্দনাইশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে কৃষকদের মাঝে বসতবাড়িতে চাষযোগ্য শীতকালীন সবজির বীজ এবং মাঠে চাষযোগ্য শীতকালীন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণের এই কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তা ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ইশতিয়াক আহমদ আরিফ, উপজেলা মৎস্য অফিসার তানবীর আহসান, উপসহকারী কৃষি অফিসার মানেষ দে, দিবাকর দাশ সহ উপকারভোগী কৃষক-কৃষাণীরা।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আজাদ হোসেন জানান, “উক্ত প্রণোদনার আওতায় উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়নের ৩৫০ জন কৃষক বসতবাড়িতে চাষ করার জন্য ৭ ধরনের শীতকালীন সবজির বীজ পাবেন এবং ৭০০ জন কৃষক মাঠে চাষ করার জন্য (প্রতিজন লাউ/বেগুন/ মিষ্টি কুমড়া/ শসা যে কোনো একটি) বীজ পাবেন। পাশাপাশি ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন।”

আরও পড়ুন