দোহাজারী-বড়ুয়াপাড়ায় সড়ক বিচ্ছিন্ন; চরম দুর্ভোগ, জরুরি মেরামতের দাবি স্থানীয়দের

সম্প্রতি ঘটে যাওয়া আকস্মিক বন্যায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ‘দোহাজারী টু বড়ুয়াপাড়া’ সড়কটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানির তীব্র স্রোতে সড়কের আনচার আলীর খামার সংলগ্ন এলাকাটি ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে বর্তমানে ওই রুটে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ রয়েছে।

​সড়কটি বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে বড়ুয়াপাড়া এবং হাফছড়িকুল এলাকার জনসাধারণের স্বাভাবিক যাতায়াত একদম স্থবির হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় কাজকর্ম, জরুরি চিকিৎসা সেবা গ্রহণ এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে স্থানীয়দের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। সড়কটি দ্রুত সংস্কার করা না হলে এই জনদুর্ভোগ আরও দীর্ঘস্থায়ী ও প্রকট রূপ নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

​স্থানীয় এলাকাবাসীর দাবি, বড়ুয়াপাড়া ও হাফছড়িকুল এলাকার হাজার হাজার মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচলের স্বার্থে ক্ষতিগ্রস্ত অংশটি জরুরি ভিত্তিতে মেরামত করা প্রয়োজন। জনগুরুত্বপূর্ণ এই বিষয়টি বিবেচনা করে দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য দোহাজারী পৌরসভার প্রশাসক ও চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমার সদয় সুদৃষ্টি ও আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাধারণ জনগণ।

​এ বিষয়ে যোগাযোগ করা হলে দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা বলেন, “সড়কটি মূলত এলজিইডি’র আওতাভুক্ত, তাই এটি স্থায়ীভাবে মেরামত করার দায়িত্ব তাদের। তবে পৌরসভার নাগরিকদের দুর্ভোগ লাঘবের বিষয়টি বিবেচনা করে আমি দ্রুত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।”

​অন্যদিকে উপজেলা প্রকৌশলী তন্ময় নাথের সাথেমুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “দোহাজারী টু বড়ুয়াপাড়া সড়কটির যে অংশটুকু বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযুক্ত হয়েছে, তা জরুরি ভিত্তিতে সাময়িকভাবে মেরামত করে দ্রুত যান ও সাধারণ মানুষ চলাচলের উপযোগী করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও কথা হয়েছে। পরবর্তীতে বড় ধরনের বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সড়কটি স্থায়ীভাবে টেকসই করে মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন