দোহাজারীতে আবুল কাশেম লেদু চেয়ারম্যান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

টানা ৭ দিনের ভয়াবহ বন্যায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি হাজারো মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ‘মরহুম আবুল কাশেম লেদু চেয়ারম্যান ফাউন্ডেশন’। বন্যার শুরু থেকেই দুর্গত এলাকায় সক্রিয় থাকা এই সংগঠনটির উদ্যোগে গত রোববার দোহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত ১ হাজার ৩০০ পরিবারের মাঝে জরুরি খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

​ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং দোহাজারী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. লোকমান হাকিম উপস্থিত থেকে নিজ হাতে দুর্গত মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী তুলে দেন।

​টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দোহাজারীর বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার পর পরই মানবিক সহায়তায় মাঠে নামেন সাবেক মেয়র লোকমান হাকিম। তিনি তৎক্ষণাৎ বন্যার পানিতে প্লাবিত প্রতিটি ওয়ার্ড সরেজমিনে পরিদর্শন করেন এবং পানিবন্দি মানুষের খোঁজখবর নিয়ে তাৎক্ষণিক জরুরি ত্রাণ সহায়তা প্রদান শুরু করেন। এরই ধারাবাহিকতায় গতকাল ৭নং ওয়ার্ডে এই বৃহৎ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। পৌরসভার ৯টি ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ফাউন্ডেশন সংশ্লিষ্টরা।

​ত্রাণ বিতরণকালে আলহাজ্ব মো. লোকমান হাকিম বলেন, ​”দোহাজারীর এই চরম সংকটের সময়ে কোনো মানুষ যেন অনাহারে না থাকে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। মরহুম আবুল কাশেম লেদু চেয়ারম্যান ফাউন্ডেশন সবসময়ই এ অঞ্চলের মানুষের সুখে-দুঃখে পাশে ছিল এবং আগামীতেও আমাদের এই মানবিক সহায়তা ও ভালোবাসার হাত প্রসারিত থাকবে।”

​বন্যার্তদের পুনর্বাসনে বর্তমান প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সাবেক এই মেয়র আরও বলেন, তিনি দোহাজারী পৌরসভায় পর্যাপ্ত ফান্ড রেখে এসেছেন। পৌর প্রশাসকের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, দুর্যোগের এই মুহূর্তে প্রতিটি ওয়ার্ডের জন্য অন্তত ৫ লাখ টাকা করে জরুরি বরাদ্দ দেওয়া হলে এ অঞ্চলের অসহায় মানুষ বন্যার ধকল কাটিয়ে উঠতে পারবে।

​ত্রাণ বিতরণকালে ফাউন্ডেশনের সহ-সভাপতি মোহাম্মদ সোলাইমান, সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সাদ্দাম হোসেন নিরব সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফাউন্ডেশনের একঝাঁক স্বেচ্ছাসেবী উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন।

ভয়াবহ বন্যার এই দুঃসময়ে ঘরে ঘরে খাদ্য ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ায় ‘মরহুম আবুল কাশেম লেদু চেয়ারম্যান ফাউন্ডেশন’ ও সাবেক মেয়রের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকার ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি সাধারণ মানুষ।

আরও পড়ুন