দোহাজারীতে নিম্নমানের ও অননুমোদিত বীজ বিক্রি; ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বীজ জব্দ ব্যবসায়ীকে জরিমানা 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় নিন্মমানের ও অননুমোদিত বীজ বিক্রি করার অপরাধে ‘মেসার্স কৃষি ভান্ডার’ এর মালিক মোহাম্মদ আলী মৃধা লিটনকে ৩০ হাজার টাকা জরিমানা ও প্রায় ৩৫ হাজার টাকার বীজ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ জুলাই) বিকালে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. গোলাম মাওলা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ আরিফ, উপসহকারী কৃষি কর্মকর্তা সৈকত বড়ুয়া উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ইউএনও মো. আবদুর রহমান বলেন, “বীজ বুনার সাথে সাথে একজন কৃষক শুধু মাঠ চাষই করে না তার পরিবারের আর্থিক স্বাধীনতার স্বপ্ন বুনন করে। আর এই বীজ যদি মান সম্পন্ন না হয়, নিম্নমানের হয় তখন কৃষকের কান্না রোধের আর কোন পথ খোলা থাকে না।”

জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন