চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘের উদ্যোগে চট্টগ্রাম নগরীর কালামিয়া বাজার এলাকায় সম্প্রতি আয়োজিত হয়েছে আন্তঃঃক্লাব ক্রীড়া প্রতিযোগিতা। ৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই ফুটবল টুর্নামেন্টটি তরুণদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।
তরুণ ও যুবকদেরকে ক্রীড়ামুখী করতে জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘের এ ফুটবল টুনামেন্টের জমজমাট আয়োজনে ছিলো উৎসবের আমেজ। টুর্নামেন্টের শুরু থেকেই প্রতিটি দল অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে। গ্রুপ পর্ব ও সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালে মুখোমুখি হয় ‘আব্দুল মালেক স্মৃতি’ ও ‘নুরুল ইসলাম স্মৃতি’। শিরোপা জয়ের এই লড়াইয়ে দুই দলই মাঠের লড়াইয়ে দুর্দান্ত খেলে দর্শকদের মুগ্ধ করে। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। স্নায়ুচাপের এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হয়ে শিরোপা নিজেদের করে নেয় ‘নুরুল ইসলাম স্মৃতি’।
টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাল উদ্দিন চৌধুরী, হুমায়ুন কবির চৌধুরী আহিদ, মিজানুর রহমান, মো:ইকবাল হোসেন এবং মোহাম্মদ জিয়া উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘের সভাপতি এডভোকেট রিহাত চৌধুরী এবং উপস্থিত ছিলেন সাধারণ-সম্পাদক আহমদ ইমরুল হোসেন সাঈদ। অতিথিরা বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “এমন উদ্যোগ যুব সমাজকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। খেলার মাঠের এই শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ আমাদের সংগঠনের মূল চালিকাশক্তি।” সুন্দর ও সুশৃঙ্খলভাবে টুর্নামেন্টটি সম্পন্ন হওয়ায় সংঘের সকল সদস্য এবং সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়।