“মানবসেবা আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনী সদররের লস্করহাটস্থ উত্তর শাহাপুরে সামাজিক সংগঠন ‘উত্তর শাহাপুর সমাজ কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠা বার্ষিকী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৬ইং সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৯ মে) লস্করহাটস্থ সাইদ বিন ফারুক জেদনী মসজিদ ময়দানে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ সুমন ও সংগঠনের সদস্যবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী এবং সংগঠনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নবী,মোঃ মোশাররফ হোসেন, মোঃ নাহিদ,মোঃ হাসান,গোলাম সরোয়ার, মোঃ বাপ্পি, রিশাদ, আহাদ প্রমূখ।
দিনব্যাপী এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ও কর্মসূচির মধ্যে ছিল— সংস্থার বিগত দিনের কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ কার্যক্রম পর্যালোচনা, উপস্থিত সকলের সাথে পারস্পরিক মতামত বিনিময়, সমাজসেবামূলক পরিকল্পনা গ্রহণ এবং ঈদ শুভেচ্ছা বিনিময় ও আনন্দ অনুষ্ঠান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “আসুন, একসাথে পথ চলি—মানবতার সেবায়, সমাজের কল্যাণে।” তারা আরও উল্লেখ করেন যে, যুবসমাজ যদি এভাবে ঐক্যবদ্ধ হয়ে সমাজসেবামূলক কাজে এগিয়ে আসে, তবে একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠন করা সম্ভব। “আসুন মিলেমিশে গড়ি সুন্দর সমাজ” এই স্লোগানকে বুকে ধারণ করে সংগঠনটি আগামী দিনে তাদের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড আরও বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।
অনুষ্ঠানের শেষ অংশে উপস্থিত সবার মাঝে ঈদের শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিনিময় করা হয় এবং সকলের উপস্থিতি, মতামত ও সার্বিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।