চট্টগ্রামের হাটহাজারীতে মাদার্শা একাদশের কোচ আবু সরোয়ার চৌধুরীর হাতে জুনিয়র প্লেয়ারদের বুট ও ফুটবল তুলে দেন ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ মোহাম্মদ জামাল চৌধুরী।
শনিবার (২ মে) বিকেলে উপজেলার ১০ নং উত্তর মাদার্শা ইউনিয়নের মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ বুট ও ফুটবল বিতরণ করেন তিনি।
এ সময় মোহাম্মদ জামাল চৌধুরী বলেন, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক যেভাবে প্রান্তিক পর্যায় থেকে ফুটবল, ক্রিকেট, হকি,ভলিবল সহ সকল পর্যায়ের খেলাধুলায় নতুন প্লেয়ার খুঁজে বের করার যে কার্যক্রম শুরু করেছেন তারই ধারাবাহিকতায় আমি আমার নিজ গ্রাম উত্তর মাদার্শার তরুণ উদীয়মান খেলোয়াড়দের মাঝে বুট ও ফুটবল বিতরণ করেছি।যাতে করে দেশের প্রান্তিক পর্যায়ের খেলোয়াড়েরা জাতীয় পর্যায়ের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ পায়।সেই উদ্দেশ্যেই ধাপে ধাপে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে আজকে নতুন কুড়িঁ স্পোর্টস যাত্রা শুরু হলো। সেই যাত্রার বাস্তব রূপদানে আমি আমার উত্তর মাদার্শায় ১০ থেকে ১৫ বছরের শিশু-কিশোরদের নিয়ে কয়েক ধাপে নতুন কুড়িঁ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। উত্তর মাদার্শাবাসী যদি আমার পাশে থাকে আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন ক্রীড়ানুরাগী শেখ মোহাম্মদ ইউসুফ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফুটবল টিমের ক্যাপ্টেন শাহাদাত হাসান আরভি,আরিফুল ইসলাম নয়ন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্য ক্রীড়াপ্রেমী নেতৃবৃন্দ।