নতুন পোষাক, একটু ভালোবাসা, একটু সহমর্মিতা—আর তাতেই ফুটে ওঠে ঈদের প্রকৃত আনন্দ। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য ও বিশ্বাস নিয়ে ৮ম বারের মতো শতাধিক সুবিধাবঞ্চিত দের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচি সম্পন্ন করেছে তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখা।
“মানবতার চেতনায় উজ্জীবিত ব্যক্তিত্ব তৈরি করাই মাইজভাণ্ডারীয়া ত্বরিকার লক্ষ্য।” — রাহবারে আলম শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)-এর এই অমিয় বাণীকে অন্তরে ধারণ করে আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্যনির্ভর সংগঠন তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখা প্রতিবছরের ন্যায় এ বছরও সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে দিতে ঈদ উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করে।
রোববার (২৫ মার্চ) চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকার অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠী ও নগরফুল স্কুলের সুবিধাবঞ্চিত শিশুসহ শতাধিক মানুষের মাঝে তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখা ৮ম বারের মতো এই ঈদ উপহার বিতরণ করে।
সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, এই আয়োজনের মাধ্যমে সামান্য ভালোবাসার পরশ প্রান্তিক পর্যায়ের মানুষদের অন্তরে এনে দিবে প্রশান্তি, মুখে ফুটিয়ে তুলবে এক আনন্দের হাসি।