পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো সাধারণ মানুষের যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে চট্টগ্রাম জেলা পুলিশ কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সরেজমিনে তদারকি করার সময় উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, “পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো সাধারণ মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সমন্বিতভাবে কাজ করছি। সকলকে ট্রাফিক আইন মেনে চলার জন্য অনুরোধ করছি, যাতে সবার ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হয়।”
পরিদর্শনকালে ট্রাফিক কার্যক্রম পর্যবেক্ষণ করার পাশাপাশি চন্দনাইশ থানা পুলিশ, দোহাজারী হাইওয়ে থানা পুলিশ এবং শহর ও যানবাহন শাখার ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খান পিপিএম, শহর ও যানবাহন শাখার ট্রাফিক ইন্সপেক্টর মো. বুরহান উদ্দিন সহ চন্দনাইশ থানা, দোহাজারী হাইওয়ে থানা এবং শহর ও যানবাহন শাখার অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ।