বাঁশখালীতে মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

“কেউ না কেউ তাকিয়ে আছে আপনি আসবেন বলে, আসুন শীতার্ত মানুষের পাশে দাঁড়াই” এই মানবিক শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশন।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে গন্ডামারা আদর্শ উচ্চ বিদ্যালয় ও আল-কুরআন মডেল একাডেমি প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার দরিদ্র, দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়।

আফ্রিকা প্রবাসী মোজাম্মেল হকের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মিসবাহ উল হক। ফাউন্ডেশনের সদস্য আরফাতুল ইসলাম আরিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা ফোরকান উদ্দিন, আবু আহমেদ ও শহিদ উল্লাহ, মাওলানা আব্দুস ছবুর এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এইচ. এম. ওসমান গণি।

এছাড়াও বক্তব্য রাখেন আল-কুরআন মডেল একাডেমির প্রধান শিক্ষক হুমায়ুন কবির, আমিনুর রশিদ, ইমরানুল কবির, আমির হোসাইন, মোজাফ্ফর আহমদ ও হাফেজ রিদওয়ান।

বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন