চট্টগ্রাম ১০ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, এই দেশ স্বাধীন হয়েছে কারো তাবেদারি করতে নয়। অতীতে দেখেছি একদল মানুষ পিন্ডির জুজু দেখিয়ে দিল্লির আধিপত্যবাদ মানুষের উপর চাপিয়ে দিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে অন্য দেশের আধিপত্যবাদ চলবে না। আগামী নির্বাচনে সকল ধরনের আধিপত্যবাদ রুখে দেওয়া হবে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর এর ডবলমুরিং থানার উদ্যোগে আগ্রাবাদ বাদামতলী এলাকায় শনিবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, আমাদের পার্শ্ববর্তী একটি বৃহৎ দেশ রয়েছে। যাদের সাথে আমরা প্রতিবেশী হিসেবে সব সময় সুসম্পর্ক চেয়েছি। কিন্তু দুঃখজনক হলে সত্য তারা আমাদের উপর সর্বদা আধিপত্যবাদ কায়েম করতে চেয়েছে। স্বাধীনতার পর থেকেই তারা নানামুখী চক্রান্ত করে আসছে। তাদের এ ষড়যন্ত্র বরদাশত করার রাজনীতি যারা করেছেন, জনগণ তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখান করেছে, ভবিষ্যতেও করবে।
ডবলমুরিং থানা সভাপতি আকরাম হোসেন জিহাদের সভাপতিত্বে এবং ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড সভাপতি কায়সারল আলমের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন নগর ফেডারেশনের সহ-সভাপতি মকবুল আহমেদ ভূঁইয়া, জামায়াত ইসলামী ২৪ নং ওয়ার্ড আমির মাওলানা মোঃ ইমরান হোসাইন, ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল মালেক প্রমুখ।