চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগষ্ট) সন্ধায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তারের সভাপতিত্বে ও সহ সহ-সাধারণ সম্পাদক মো: ফজলুল বারীর সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বার সত্য, ন্যায় ও মানবাধিকারের পক্ষে অবিচল থেকে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আইনজীবীদের প্রশিক্ষণ এবং নবীন আইনজীবীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে চট্টগ্রাম বারকে আরও আধুনিক, সেবামুখী ও মানবিক করে গড়ে তুলবে।
আদিলুর রহমান খান বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে চট্টগ্রাম বারের আইনজীবীরা ছিলেন প্রতিবাদ ও প্রতিরোধের সম্মুখ সারিতে এবং জনগণের পক্ষে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এই বারের কয়েকজন আইনজীবী জেল খেটেছেন ও নির্যাতনের শিকার হয়েছেন।
তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে চট্টগ্রাম বারের আইনজীবীরা সাহসিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। ব্লক রেইডে গণগ্রেফতার, শিক্ষার্থীদের আইনি সহায়তা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ডাকা প্রতিটি কর্মসূচিতে সংহতি প্রকাশ করে তা বাস্তবায়ন করেছেন।
উপদেষ্টা বলেন, মার্চ ফর জাস্টিস কর্মসূচির সময় আইনশৃঙ্খলা বাহিনীর বাঁধা উপেক্ষা করে বারের সাহসী আইনজীবীরা শিক্ষার্থীদের আদালতে প্রবেশ ও তাদের গ্রেপ্তার এড়াতে নিজেদের চেম্বারে আশ্রয় দিয়েছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, চট্রগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপদেষ্টা মো: আদিলুর রহমান খান আইনজীবী সমিতির প্রকাশনা ‘অভিষেক স্মারক’ এর মোড়ক উন্মোচন করেন।
এ অভিষেক অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যবৃন্দ, সাবেক এডহক কমিটির আহবায়ক, সাবেক কার্যনির্বাহী পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ অভিষেক অনুষ্ঠান শেষ হয়।