মিরসরাই ইউএনও অফিসের নাম ভাঙিয়ে মাইলস্টোন ট্র্যাজেডির জন্য টাকা দাবি

চট্টগ্রামের মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সহকারী পরিচয়ে একটি প্রতারক চক্র ঢাকার মাইলস্টোন ট্র্যাজেডিতে মর্মান্তিক যুদ্ধ বিমান দুর্ঘটনায় আহতদের জন্য আর্থিক সহায়তা চেয়ে বিকাশ নম্বর পাঠিয়ে অর্থ সহযোগিতা চাইছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে একটি মোবাইল নম্বর (০১৮২১-৬৫৭৮০৪) থেকে বিভিন্ন জনকে ফোন করা হয়। এই ঘটনায় মিরসরাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সতর্কতামূলক জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, মিরসরাই’র নাম ভাঙ্গিয়ে কে বা কাহারা ফোন করে/সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ঢাকার মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহতদের জন্য আর্থিক সহায়তা চেয়েছেন মর্মে জানা যায়। এই কার্যালয় কর্তৃক এমন কোন প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকা এবং কাউকে আর্থিক সহায়তা প্রদান করা থেকে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ করা হলো।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, ‘এ ধরনের কোন নির্দেশনা আমাদের অফিস থেকে দেওয়া হয়নি। জনগনকে প্রতারণা থেকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং কেউ যেন লেনদেন না করেন সে বিষয়ে একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।’

আরও পড়ুন