চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়’-এর চার সদস্যবিশিষ্ট নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
নবগঠিত এই কমিটিতে বিদ্যালয়ের ১৯৯৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও দোহাজারী পৌরসভা যুবদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো. ইফতিয়ার উদ্দিনকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। উল্লেখ্য, তিনি ইতিপূর্বেও সফলতার সাথে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
গত মঙ্গলবার (২১ জুলাই) শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত বিদ্যালয়টির প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক দাপ্তরিক পত্রে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে অন্যান্যদের মধ্যে অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন খান প্লাজা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম এবং শিক্ষক প্রতিনিধি সদস্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাছান আলী। এছাড়া পদাধিকার বলে কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জাফর আহমদ।
মনোনয়ন প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় মো. ইফতিয়ার উদ্দিন বলেন, “আমাকে পুনরায় ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের সভাপতি মনোনীত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ রক্ষা ও সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”