সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার অসহায় ও এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বন্যার প্রভাবে খাদ্যসংকটে পড়া হেফজখানা, এতিমখানা ও অনাথ আশ্রমগুলোর শিক্ষার্থীদের জন্য বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার প্রায় ২০০টি হেফজখানা, এতিমখানা ও অনাথ আশ্রমের প্রতিনিধিদের মাঝে সরকারি ত্রাণের চাল বিতরণ করা হয়।
সাতকানিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, সাতকানিয়া কৃষক দলের সভাপতি হাফেজ আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি সওদাগর এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষিজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এতিমখানার শিশু-কিশোররা যেন খাদ্যসংকটে না পড়ে, সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলায় উপজেলা প্রশাসন ধারাবাহিকভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। সমাজের সবচেয়ে অসহায় এতিম ও অনাথ শিশুদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।”
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের তালিকা যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে সরকারি ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।
এর আগে একই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দপ্তরি, বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝেও সরকারি ত্রাণের চাল বিতরণ করা হয়।