চট্টগ্রামের লোহাগাড়ায় রাশেদুল ইসলাম নামে এক ব্যবসয়াীকে অপহরণের অভিযোগ উঠেছে। বুধবার(১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জমিদার পাড়া এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। তিনি উপজেলার আধুনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মরাডলুরকুল এলাকার মোঃ সেলিমের ছেলে। এবিষয়ে বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীর স্ত্রী উম্মে আইমন লোহাগাড়া থানার অভিযোগ দায়ের করেছেন। একইদিন বিকেলে লোহাগাড়া সদরের একটি রেস্টুরেন্টে স্বামীকে উদ্ধার করার দাবীতে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে আধুনগর বাজারে দোকান বন্ধ রিকশা করে লোহাগাড়া সদরের ইটারি রুপটপ রেস্টুরেন্টের পিছনে বাসায় ফিরছিলেন রাশেদ। ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছলে অজ্ঞাতনামা ৪/৫ জন দুর্বৃত্ত রিকশার গতিরোধ করে রিক্সাচালককে মারধর করে। দুর্বৃত্তরা রাশেদকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশাতে তুলে আমিরাবাদ বাজারের দিকে নিয়ে যায়। পরবর্তীতে রিক্সাচালক মোঃ আমিন ভুক্তভোগীর পরিবারকে বিষয়টি অবহিত করলে জানাজানি হয়।
এবিষয়ে জানতে চাইলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আব্দুল্লাহ বলেন, এবিষয়ে ভুক্তভোগীর স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ভুক্তভোগী ব্যবসায়ীকে উদ্ধারের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।