চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় লোকালয় থেকে একটি বিশাল অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে ১১ অক্টোবর সাপটিকে রাঙ্গুনিয়া এভিয়ারি ও ইকোপার্কের গভীর প্রাকৃতিক বনাঞ্চলে অবমুক্ত করা হয়।
গত ১০ অক্টোবর রাতে পোমরা বিটের আওতাধীন একটি লোকালয়ে অজগরটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে নিরাপদ ও অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সোহেল রানার দিকনির্দেশনা ও পরামর্শে এবং রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীনের নেতৃত্বে আজ অজগরটিকে রাঙ্গুনিয়া এভিয়ারি ও ইকোপার্কের গভীর প্রাকৃতিক বনাঞ্চলে অবমুক্ত করা হয়।
এ সময় এভিয়ারির ইজারাদারের দায়িত্বে থাকা আবু নাছের টিপু, পোমরা বিট কর্মকর্তা সোলায়মানসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
বন বিভাগের কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগ সব সময় সতর্ক ও তৎপর রয়েছে। লোকালয়ে কোনো বন্যপ্রাণী দেখা গেলে সেটিকে আঘাত না করে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং দ্রুত বন বিভাগকে খবর দিতে হবে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে রাঙ্গুনিয়া বন বিভাগের উদ্যোগে তিনটি অজগর সাপ এবং একটি বেঙ্গল স্লো লরিস উদ্ধার করে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।