তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই : নুরুল আমিন এমপি

সময়ের চাহিদা আর চলমান অগ্রসর পৃথিবীর সাথে তালমিলিয়ে দেশকে এগিয়ে নিতে হলে সমৃদ্ধ তথ্যপ্রযুক্তির শিক্ষা, জ্ঞানার্জন, চর্চা এবং প্রয়োগের মাধ্যমে আধুনিক বিজ্ঞান মনষ্ক প্রজন্ম গড়ে তুলতে হবে। প্রথাগত শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষাদান পদ্ধতির আমুল পরিবর্তন সাধিত না হলে প্রজন্ম তথা দেশ পিছিয়ে পড়বে বলে অভিমত ব্যক্ত করেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

শনিবার (১০ অক্টোবর) মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে শিক্ষকদের সাথে তথ্য প্রযুক্তিভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা ও মনিটরিং সিস্টেম বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষাক্রম এখন গতিশীল। এখানে অটোমেশনের বিকল্প নেই। সময়, শ্রম, অর্থ বাঁচিয়ে স্কুল ব্যবস্থাপনায় নতুনত্ব আনতে না পারলে অগ্রগতি সাধিত হবে না। শিক্ষার্থীরাও নিরানন্দ শিক্ষাক্রমে আগ্রহ হারিয়ে ফেলবে। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ধরে রাখতে হলে প্রয়োজন উদ্ভাবনী শিক্ষা ব্যবস্থার প্রয়োগ, যা কেবল তথ্য প্রযুক্তির মাধ্যমেই সম্ভব।

নুরুল আমিন বলেন, ‘অতীতের যে কোনো সময়ের তুলনায় ভদ্র, শিক্ষিত ও গ্রহণযোগ্য মানুষগুলো বিভিন্ন বিদ্যালয়ের পরিচালনা কমিটির দায়িত্বে এসেছে। এর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তথ্য প্রযুক্তির আওতায় আনা গেলে ব্যবস্থাপনা ও শিখন-পড়ন আরো সহজতর হবে।’

এমপি বলেন, এই সিস্টেমে মনিটরিং এর ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এক জায়গা থেকেই পুরো উপজেলার স্কুলগুলোর ছাত্র-ছাত্রী, শিক্ষক ও স্টাফদের উপস্থিতি পর্যবেক্ষণ ও এর তথ্য সংগ্রহ করতে পারবেন। এতে করে সংশ্লিষ্টরা যেমন আপডেট থাকবেন, তেমনি সময়-শ্রম-অর্থের অপচয়ও রোধ হবে।

এমপি বলেন, ‘মিরসরাইয়ে এখনো অনেক অনগ্রসর অঞ্চল রয়েছে। অনেক অভিভাবক এখনো তাদের ছেলেমেয়ের পড়াশোনা নিয়ে সচেতন না। প্রযুক্তিভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা সিস্টেম চালুর পাশাপাশি অভিভাবকদের সচেতন করাও জরুরি। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত জনবল নিয়োগ ও আইটি হাব করার ব্যাপারে সরকারের যথেষ্ট চেষ্টা রয়েছে। শিক্ষকদেরও পাঠদানে আরো মনোযাগী হওয়া জরুরি।’

মতবিনিময় সভাটির আয়োজন করে প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়েক্সনিক্স। আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো: সাইফুর রহমান সাইফুল ও মো: মোফাজ্জেল হোসেন রাজিব।

মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস হোসেনের সভাপতিত্বে এবং ওয়েক্সনিক্সের শিক্ষা বিষয়ক উপদেষ্টা লায়ন আবুল খায়ের এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো: কামরুল হোসেন, আবু তোরাব ফাজিল (স্নাতক) মাদরাসার গভর্নিং বডির সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিম। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বামন সুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শরফু উদ্দিন, আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার, সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হক সিরাজী।

এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো: আলমগীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সেলিম, সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন, বেসরকারি কারা পরিদর্শক আমিনুল ইসলাম তৌহিদ, বারইয়ারহাট পৌর বিএনপির সভাপতি মাঈন উদ্দিন লিটন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাদরাসার অধ্যক্ষ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি ও আইসিটি শিক্ষকরা।

মতবিনিময় সভার প্রথম পর্বে বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যেশে স্লাইড শো উপস্থাপন করেন ওয়েক্সনিক্সের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন। এ সময় তিনি তাদের তৈরি এডুএক্স নামক প্লাটফর্ম ব্যবহার করে অতি সহজে বিদ্যালয় পরিচালনা, শিক্ষার্থী ব্যবস্থাপনা, শিক্ষক ও কর্মচারীদের তালিকা এবং যাবতীয় রেকর্ড, শিক্ষার্থীদের হাজিরা, ক্লাস রুটিন, পরীক্ষা ও ফলাফল ব্যবস্থাপনা, ফি ও বকেয়ার হিসাবসহ মোট ১৪টি সেবার বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।

আরও পড়ুন