প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

চট্টগ্রামের বাঁশখালীতে আবদুস শুক্কুর (৫৫) নামের এক প্রতিবন্ধী ব্যক্তির ২০ শতক জমি জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমি উদ্ধারের পাশাপাশি হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে উপজেলার সরল ইউনিয়নের খালাইচ্ছ্যার দোকান এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আবদুস শুক্কুরের ভাতিজা এনামুল হক (২৬) অভিযোগ করেন, তাঁর চাচা একজন প্রতিবন্ধী ব্যক্তি। দীর্ঘদিন ধরে তিনি মানবেতর জীবনযাপন করছেন। প্রায় ১৮ বছর আগে কেনা তাঁর চাচার ২০ শতক জমি স্থানীয় আবদুর রহিম, হারুনুর রশিদ, মাহমুদুল্লাহ, মোস্তফা আলী ও আরিফের নেতৃত্বে ১০ থেকে ১২ জন জোরপূর্বক দখল করে নিয়েছেন।

এনামুল হকের দাবি, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ করায় বৃহস্পতিবার বিকেলে তাঁর ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। হামলায় এনামুল হক হৃদয় ও মো. সেলিম আহত হয়েছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, আবদুর রহিম ও তাঁর সহযোগীরা অতীতে এলাকায় আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাতেন। ৫ আগস্টের পর রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে বিএনপির সঙ্গে সখ্য গড়ে তুলে তাঁরা আবারও আগের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেন ভুক্তভোগীরা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ, দখল হওয়া জমি উদ্ধারের উদ্যোগ এবং হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানায়।

বাঁশখালী থানার অপারেশন অফিসার মো. আরিফ হোসেন বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন