‘দোহাজারী-সাঙ্গু উপজেলা’ বাস্তবায়নের দাবিতে শনিবার দোহাজারীতে গণ-মানববন্ধনের ডাক

চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য, কৃষি ও প্রশাসনিক কেন্দ্রবিন্দু দোহাজারীকে কেন্দ্র করে নিকার (NICAR) কর্তৃক নীতিগতভাবে অনুমোদিত ‘দোহাজারী-সাঙ্গু উপজেলা’ দ্রুত বাস্তবায়নের দাবিতে আগামী শনিবার (৩ অক্টোবর) বিকাল ৩টায় এক বিশাল মানববন্ধনের আহ্বান জানানো হয়েছে। দোহাজারী হাজারী শপিং সেন্টার চত্বরে ‘দোহাজারী ছাত্র, যুব ও সর্বস্তরের জনসাধারণ’-এর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

​আয়োজকরা জানান, নিকার কর্তৃক নীতিগতভাবে অনুমোদিত “দোহাজারী-সাঙ্গু উপজেলা” প্রতিষ্ঠা অত্র অঞ্চলের লাখো মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। দোহাজারী পৌরসভা এবং পার্শ্ববর্তী ৭টি ইউনিয়নের (ধোপাছড়ী, পুরানগড়, বাজালিয়া, ধর্মপুর, কালিয়াইশ, কেঁওচিয়া ও খাগরিয়া) বিশাল জনগোষ্ঠীর প্রশাসনিক সেবা সহজতর করতে এই উপজেলা বাস্তবায়ন এখন সময়ের দাবি। পর্যাপ্ত সরকারি খাস জমি ও বিদ্যমান প্রশাসনিক অবকাঠামো থাকায় এখানে নতুন উপজেলা স্থাপন অত্যন্ত যৌক্তিক ও সহজসাধ্য। নতুন এই উপজেলা বাস্তবায়িত হলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অভূতপূর্ব উন্নয়নের পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামের সার্বিক আর্থ-সামাজিক চিত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

​দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলের প্রশাসনিক সুবিধা নিশ্চিত করা এবং স্থানীয় জনগণের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করাই এই মানববন্ধনের মূল উদ্দেশ্য।

​এই আহ্বানে এলাকার সর্বস্তরের শান্তিপ্রিয় ও মাতৃভূমিপ্রেমী জনগণকে নিজ নিজ দায়িত্ববোধ থেকে কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষা না করে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে যোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ​পাশাপাশি, কর্মসূচির শৃঙ্খলা রক্ষায় আয়োজকবৃন্দ কঠোর বার্তা দিয়েছেন।

তারা জানান, এই কর্মসূচি হবে সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ। অংশগ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের প্রচলিত আইনবিরোধী কিংবা রাষ্ট্রবিরোধী বক্তব্য ও আচার-আচরণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেবল সুশৃঙ্খলভাবে উপস্থিত থেকে একাত্মতা প্রকাশের মাধ্যমেই এই আন্দোলনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান আয়োজকরা।