দেশের সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ আবুল মুনছুর ছিলেন দেশপ্রেমিক নিঃস্বার্থবান একজন স্পষ্টবাদী মানুষ। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে যেমন দেশ স্বাধীনে ভুমিকা রেখেছেন, তেমনি স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের প্রয়োজনে, স্বাধীনতার মর্যাদা অক্ষুন্ন রাখার তাগিদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত দলের আদর্শ থেকে বিচ্যুত হননি। দেশ ও দলের প্রয়োজনে সবসময় নিজেকে উজার করে দিয়ে একজন ন্যায়পরায়ন মানুষ হিসেবে সকলের ভালবাসায় সিক্ত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম-মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সীতাকুণ্ডের এলকে সিদ্দিকী স্কয়ারে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বিএনপি নেতা মরহুম সৈয়দ আবুল মুনছুরের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসলাম চৌধুরী বলেন, আবুল মুনছুরের রেখে যাওয়া সৎকর্মই তাকে মানুষের মধ্যে চিরদিন বাঁচিয়ে রাখবে। তার মৃত্যুতে দল যেমন একজন নিবেদিত প্রাণ নেতৃত্বকে হারিয়েছে, তেমনি এলাকাবাসীও তাদের একজন সজ্জনকে হারিয়েছেন। নতুন প্রজন্মের জন্য আবুল মুনছুরের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবন এক অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে চির অম্লান থাকবে।
পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোরছালিনের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, ছালামত উল্লাহ, পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহমেদ সলু, ইউসুফ নিজামী, বীর মুক্তিযোদ্ধা মহরম আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান এবং দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. মুনতাকিম হাকিম।
এ সময় উপস্থিত ছিলেন কামাল উদ্দিন চৌধুরী, পৌর বিএনপি বখতেয়ার উদ্দিন, মুস্তাফিজুর রহমান হিরু, কাজী এনাম, খুরশেদ আলম মেম্বার, কোরবান আলী সাহেদ, মো. ইসমাইল হোসেন, কাউন্সিলর মো. সেলিম, বাজার কমিটির সভাপতি মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. রফিক, সহসভাপতি নুর মোহাম্মদ, কামরুল ইসলাম বাবলু, শ্রমিক নেতা মো. আলাউদ্দিন, মরহুম আবুল মনসুরের ছেলে শাহিনুর পারভেজ এবং লন্ডনপ্রবাসী মেয়ে শাহিনুল সুলতানা সুমি।