সাধারণ চার পায়ের বদলে সাত পা নিয়ে জন্ম নেওয়া একটি বাছুরকে ঘিরে চট্টগ্রামের হাটহাজারীতে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। অস্বাভাবিক শারীরিক গঠনের এই বাছুরটির জন্মের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন। ঘটনাটি নজরে এসেছে উপজেলা প্রাণিসম্পদ বিভাগেরও।
হাটহাজারী পৌরসভার হাটহাজারী বাজারসংলগ্ন কৃষি ফার্ম রোড হয়ে ফায়ার সার্ভিসের সামান্য দক্ষিণে দুদু মিয়ার পাহাড় এলাকায় গত ১৯ সেপ্টেম্বর (শনিবার) বাছুরটির জন্ম হয়। স্থানীয় খামারি আবু তাহেরের ছেলে মাসুদের গোয়ালঘরে একটি গাভী সাত পা বিশিষ্ট বাছুরটির জন্ম দেয় বলে জানা গেছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, বাছুরটির স্বাভাবিক চারটি পায়ের পাশাপাশি পিঠ ও পেছনের অংশে আরও তিনটি ছোট আকৃতির অতিরিক্ত পা রয়েছে। জন্মের পর থেকেই বাছুরটি জীবিত রয়েছে এবং ২০ সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যা পর্যন্ত সেটি সুস্থ ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অস্বাভাবিক শারীরিক গঠনের খবর ছড়িয়ে পড়লে বাছুরটিকে দেখতে মাসুদের বাড়িতে ভিড় করতে থাকেন উৎসুক মানুষ। আশপাশের এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে অনেকে সাত পায়ের বাছুরটি দেখতে আসছেন।
ঘটনাটি জানার পর হাটহাজারী উপজেলা প্রাণিসম্পদ বিভাগের একটি দল ঘটনাস্থলে যায়। তবে মালিকপক্ষ বাছুরটি দেখাতে রাজি না হওয়ায় সরেজমিনে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাবিল ফারাবী।
তিনি জানান, ঘটনাটি তাঁরা শুনেছেন এবং একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মালিকপক্ষকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বাছুরটির এমন শারীরিক গঠনের প্রকৃত কারণ কী, তা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা প্রয়োজন। বিষয়টি ভবিষ্যতে গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হতে পারে।
প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার কথা জানানো হলেও মালিকপক্ষের সম্মতি না থাকায় বিস্তারিতভাবে পরীক্ষা করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
এদিকে সাত পা বিশিষ্ট বাছুরটির ছবি ও জন্মের খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাছুরটির শারীরিক গঠনের প্রকৃত কারণ জানতে প্রাণিসম্পদ বিভাগের পরীক্ষা-নিরীক্ষার দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।