চট্টগ্রামের লোহাগাড়ায় রাতের আধাঁরে ৩ দোকান তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিনগত ভোর রাতে উপজেলার আধুনগর খাঁনহাট বাজারে এ ঘটনা ঘটে। এতে ৩ ব্যবসায়ীর প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি। ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ীরা হলেন কালামের মোবাইলের দোকান, জাহাঙ্গীরের চায়ের দোকান ও ওসমানের পানের দোকান।
ক্ষুদ্র ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। শনিবার সকালে দোকানে এসে দেখেন দোকানটি নেই। দোকানের মালামালসহ পুরো দোকানটি উধাও হয়ে গেছে। সেখানে দোকানের কোনো অস্তিত্ব নেই। দোকানের টিন, কাঠামো ও ভেতরে থাকা চা-পাতা, বিস্কুট, পানীয়সহ বিভিন্ন মালামালও নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এতে তার দীর্ঘদিনের ব্যবসা এক রাতেই শেষ হয়ে গেছে। তার পার্শ্ববর্তী কালামের মোবাইলের দোকান, ওসমানের পানের দোকানও নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে তিন জনের মোট ১০ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
দোকানের জমিদার মোহাম্মদ মহসিন বলেন, দীর্ঘ ৩০ বছর যাবত তিনি পৈত্রিক জায়গায় দোকান করে ভাড়া দিয়ে আসছেন। কিন্তু গভীর রাতে দুর্বৃত্তের দল ৩টি দোকান তুলে নিয়ে গেছে। এবিষয়ে তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
খবর শুনে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তরা আইনের আশ্রয় গ্রহণ করলে তিনি সহাযোগিতা করবেন বলে জানান।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ বলেন, এবিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।