খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সীতাকুন্ড বিএনপি দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, বিএনপির সাবেক চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে উপজেলার বাড়বকুন্ডস্থ বাড়বকুন্ড বাজার জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়। সেই সাথে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রয়াত সকল নেতৃবৃন্দের জন্য দোয়া করা হয়। মোনাজাতে বাংলাদেশ এবং বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা, সফলতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে বিএনপি নেতাকর্মীদের ভূমিকা রাখার তৌফিক দেয়ার জন্য মহান রবের দরবারে দোয়া করেছেন উপস্থিত মুসল্লীরা।

উক্ত দোয়া মাহফিলে সীতাকুন্ড উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদর, যুগ্ম-আহবায়ক জহুরুল আলম জহুর, সালামত উল্ল্যাহ, সদস্য সচিব মোহাম্মদ মোরছালিনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন