লোহাগাড়ায় আগুনে পুড়ে ছাই ৫ দোকান

চট্টগ্রামের লোহাগাড়ায় ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলা কলাউজান ইউনিয়ের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদের সামনে মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে স্থানীয়রা জানান। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।

ক্ষতিগ্রস্তরা হলেন, উত্তর কলাউজানের বাসিন্দা রনঞ্জিত নাথের দুইটি সবজি ও পানের দোকান, নয়ন নাথের ফার্মেসী, রাসেলের সেলুনের দোকান ও আমিনের পানের দোকান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কলাউজান ইউনিয়ন পরিষদের সামনের মার্কেটে মঙ্গলবার দিনগত রাতে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রায় ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

লোহাগাড়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ফিরোজ খান বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই আগুন নিয়ন্ত্রেণে আসে। তবে অগ্নিকান্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।