চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অপরাধে তৌহিদুল ইসলাম ওরফে বাপ্পী (২৮) নামে মাদক বিক্রেতাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার(২৯ আগস্ট)বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মেহেদী হাসান ফারুক। এ সময় অভিযানে সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশ।
দণ্ডপ্রাপ্ত তৌহিদুল ইসলাম ওরফে বাপ্পী একই এলাকার আবদুল হাকিমের পুত্র।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক বলেন,মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৌহিদুল ইসলাম ওরফে বাপ্পীকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
তিনি আরও বলেন, মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।