চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় মোশারফ হোসেন (২৩) নামে এক যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক।
বৃহস্পতিবার (২৭ আগস্ট)সন্ধ্যায় বোয়ালখালী পৌরসভার ৫নং ও ওযার্ডের পূর্ব গোমদণ্ডী মুফতিপাড়া হাজী নজির আহমেদের বাড়ী থেকে তাকে আটক করে পুলিশ।
দণ্ডপ্রাপ্ত মোশারফ পৌরসভার অলি বেকারি এলাকার একটি স-মিলে শ্রমিক হিসেবে কাজ করেন। তিনি ভোলা জেলার লালমোহন উপজেলার পশ্চিম কচুয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সোনা হাওলাদার বাড়ির মৃত নুর আলমের ছেলে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোজাফফর হোসেন জানান, আটকের পর ভ্রাম্যমাণ আদালতে মোশারফ ইয়াবা বিক্রির কথা স্বীকার করেন। পরে আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মেহেদী হাসান ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থানে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় আসামিকে গ্রেফতার করা হয়। মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।