মাদক ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে লাল কার্ড দেখিয়ে চট্টগ্রামের আনোয়ারায় মাদক ও কিশোর অপরাধবিরোধী এবং সুচরিত্রের নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার প্রত্যয়ে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় ও তৈলারদ্বীপ বারখাইন এরশাদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পৃথক ভাবে এ ব্যতিক্রমী এ কর্মসূচির আয়োজন করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ নামের একটি সংগঠন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন। বিশেষ অতিথি ছলেন, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী। এসময় বক্তব্য রাখেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, চান্দিনা শাখার সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সদস্য সাইফুল ও আশিক প্রমুখ।
ইউএনও মো. মহিন উদ্দিন বলেন, ‘তরুণ সমাজকে মাদকের ছায়া থেকে রক্ষা করতে না পারলে রাষ্ট্রের সব উন্নয়নই একসময় অর্থহীন হয়ে পড়বে। মাদক ও প্রযুক্তির অপব্যবহার রোধে কেবল প্রশাসনিক নজরদারিই যথেষ্ট নয়; বরং প্রতিটি ঘর থেকে সামাজিক আন্দোলন তৈরি করা জরুরি। সচেতনতাই হতে পারে আমাদের সবচেয়ে বড় অস্ত্র।’
ওসি জুনায়েত চৌধুরী বলেন, ‘মাদকের ভয়াবহতায় এই এলাকাতেই ছেলের হাতে মা-বাবা খুন হওয়ার মতো হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। আমরা অপরাধীদের আইনের আওতায় আনছি। কিন্তু পুলিশের একার পক্ষে এই ব্যাধি পুরোপুরি নির্মূল করা অসম্ভব। সর্বস্তরের মানুষকে অভিভাবকের ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে।’
আলোচনা সভা শেষে বিদ্যালয় মিলনায়তনে উপস্থিত তিন শতাধিক শিক্ষার্থীকে মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে দূরে থাকার দিকনির্দেশনামূলক শপথ পাঠ করান ইউএনও মো. মহিন উদ্দিন। শপথ গ্রহণ শেষেই শিক্ষার্থীরা একযোগে হাতে থাকা প্রতীকী লাল কার্ড উঁচিয়ে ধরে সামাজিক অপকর্মকে ‘না’ বলে।
জানা যায়, দীর্ঘ ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মাঝে মাদকমুক্ত ও নৈতিকতার বার্তা পৌঁছে দিতে তাঁরা কাজ করছেন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ নামের এ সংগঠন। সারা দেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠনটি সচেতনতামূলক ১ হাজার ৯৪২ টি সমাবেশ করেছেন।