সুশিক্ষিত প্রজন্মই দেশের ভবিষ্যত: শাকিলা ফারজানা

শিক্ষা শুধু সাফল্য অর্জনের জন্য নয়, শিক্ষা মানুষকে নৈতিকভাবে গড়ে তোলার একমাত্র মাধ্যম। তাই গাদা গাদা বই পড়ে মুখস্থ বিদ্যার মাধ্যমে সনদ অর্জন করা সম্ভব হলেও প্রতিটি নাগরিককে মানবিক এবং মূল্যবোধসম্পন্ন হতে হলে আদর্শিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। ভবিষ্যত প্রজন্মকে দেশের জন্য যোগ্য ও মেধাবী হিসেবে পেতে হলে স্বদেশপ্রেমে উদ্ধুদ্ধ করে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি।

শনিবার (২২ আগস্ট) সকালে চট্টগ্রামের হাটহাজারীর ধলই ইউনিয়নের হাধুরখীল কাটিরহাট এলাকায় আহমদিয়া তজবিদুল কোরআন মহিলা দাখিল মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আহমদিয়া তজবিদুল কোরআন মহিলা দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ রাশেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক এম.জি কিবরীয়া, অত্র প্রতিষ্ঠানের সুপার মো. সোহরাব হোসেন চৌঃ, বিএনপি নেতা গাজী দিলদার, ফিরোজ খান, সিরাজুল ইসলাম নাসিম।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসার এবং তাদের ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়।

আরও পড়ুন